থার্ড আই ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আটকা পড়েছে আরও প্রায় ৩০ শিশু। বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে মক্তবের উপর পাহাড়ধসে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় এবং নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, জঙ্গল ছলিমপুরে মারা যাওয়া ১০ মাসের শিশুটির নাম আশরাফুল ইসলাম, সে ওই এলাকার মঈনউদ্দিনের ছেলে।
“কয়েকদিন ধরে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে আমরা মাইকিং করে আসছি। কিন্তু পরিবারটি সেখান থেকে সরেনি। সকালে বৃষ্টির মধ্যে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়লে শিশুটির মৃত্যু হয়,” বলেন ইউএনও ফখরুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে আরও বলেন, নিহত শিশুটির দাফনের জন্য আমরা ২৫ হাজার টাকা দিয়েছি। পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।
মন্তব্য করুন