থার্ড আই নিউজ: মাদারীপুরের শিবচরের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পালকী পরিবহনের একটি বাস বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছার পর বাসটির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় হানিফ পরিবহনের আরেকটি বাস পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ গিয়ে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক করে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পালকী পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।