থার্ড আই নিউজ: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা মন্দিরে আগত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সিপিবি নেতৃবৃন্দ।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আগত ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ত্রিদিব সাহা, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, জাতীয় পরিষদ সদস্য তাহমিনা ইয়াসমিন নীলা ও রতন দাস এবং ছাত্রনেতা তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বাংলাদেশের সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমান নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য শ্রী কাজল দেবনাথ।
সিপিবি নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং দেশের সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
মন্তব্য করুন