থার্ড আই নিউজ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে গত ছয় বছরে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ (এক হাজার ৪৩ ভরি স্বর্ণ) ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।
সোমবার (১২ অক্টোবর) দিনভর ওজন নির্ধারণ ও পরিমাপের পর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
এর আগে গতকাল (সোমবার, ১১ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ এবং গণনার কার্যক্রম শুরু হয়। দিনভর চলে এসব মূল্যবান সামগ্রী যাচাই-বাছাই ও পরিমাপের কাজ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত নয় সদস্যের উপকমিটির তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, ব্যাংক কর্মকর্তা ও স্বর্ণকারেরা সহযোগিতা করেছেন। এছাড়া জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ এবং পরিমাপের দায়িত্ব পালন করেছেন।
ঐতিহাসিক পাগলা মসজিদ দেশের অন্যতম পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে মানত ও দান করতে দূরদূরান্ত থেকে আসেন ধর্মপ্রাণ মানুষ। প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হলে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব অনুদান মসজিদের তহবিলে জমা হয়।
মন্তব্য করুন