প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন তিনি।
সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি আনসার ও ভিডিপির সদস্যদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন, নিরাপত্তা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন আনসার ও ভিডিপির মহাপরিচালককে। তিনি আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের অবিরাম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বানও জানান।
মন্তব্য করুন