থার্ড আই ডেস্ক: অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। দেশটির রাজধানী কাঠমান্ডু ও তার আশপাশের এলাকায় অবৈধ কর্মকাণ্ডের জন্য তাদের অভিযুক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম রাতোপতি।
শুক্রবার (২৯ মে) রাজধানী কাঠমান্ডুর ১৬ নম্বর ওয়ার্ডের পাকনাজোলে অবস্থিত একটি ‘হোটেল এস’ থেকে তাদের আটক করা হয়। হোটেলটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতলায় ভাড়া কক্ষে এই অবৈধ কারবার চালাচ্ছিল তারা। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বাংলাদেশিরা হলেন মজিদুল ইসলাম রিদয় (২৫), শফিউল ইসলাম (২২), আব্দুল্লাহ আল জোবায়ের (২৬), আপন চন্দা সাহা (২২), আবুল হাসনাইন (২৬), আল শাহরিয়ার (২৪), ফয়সাল (৩০), আজাদ হোসেন (৩৫), মো. আজমাইন (১৯), তামিম হাসান সৌরভ (২০), জাকারিয়া জান্নাত (২০), শাকিল আনোয়ার (২৪), বিল্লাল রাফাত (২১), অমিত হাসান সৈকত (২৫) এবং ইসমাম হাসান স্বাধীন (৩০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের টার্গেট করার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে বিদেশি মডেল এবং তরুণীদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করত। তাদেরকে সাইবার অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা গেছে, যেমন তরুণীদের নামে সাধারণ পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে কথা বলা এবং পরে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকার জন্য ব্ল্যাকমেল করা।
অপরাধ তদন্ত অফিসের তথ্য কর্মকর্তা ও পুলিশ সুপারিনটেনডেন্ট রামেশ্বর কার্কির বলেন, গ্রেপ্তারকৃত সকল বিদেশি নাগরিককে পরবর্তী তদন্ত এবং অভিবাসন আইনের অধীনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন