থার্ড আই নিউজ: ডোনাল্ড ট্রাম্প কোথায়? ডোনাল্ড ট্রাম্প এখন চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিনে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হওয়া আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই ভেসে আসছে শিশুদের চিৎকার, মোবাইল ক্যামেরার ক্লিক আর মানুষের কৌতূহলী গুঞ্জন।
কেউ বলছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প!, কেউ আবার ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করছেন। খাঁচার সামনে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু বাবার হাত টেনে বলছে, আরেকটু কাছে যাই না! ‘ডোনাল্ড ট্রাম্প’এর খাঁচার সামনে এমন দৃশ্য চোখে পরে।
মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি আভাযুক্ত শরীর আর অস্বাভাবিক গড়নের কারণে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রে ছিল এই বিরল মহিষ। কো রবানির হাটের প্রাণী থেকে সেটি এখন জাতীয় চিড়িয়াখানার নতুন আকর্ষণ।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থী শুধু একনজর ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতেই ভিড় করছেন।
কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজছেন।
দেখা গেছে, চিড়িয়াখানার ভেতরে আলাদা একটি ঘেরাটোপে রাখা হয়েছে মহিষটিকে দর্শনার্থীদের কোলাহলের মাঝেও বেশ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল সেটি। কখনো ক্লান্ত হয়ে ধীরে ধীরে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।
এই ‘ডোনাল্ড ট্রাম্প’-এর গল্প শুরু নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই প্রথম মহিষটির মাথার ঢেউ খেলানো চুল দেখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পান। পরে মজার ছলেই নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। কিন্তু সেই নামই পরে বদলে দেয় মহিষটির ভাগ্য।
গোলাপি রঙের বিরল এই মহিষটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশ হয় প্রাণীটিকে নিয়ে। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকেন খামারে।
ঈদ সামনে রেখে মহিষটি কোরবানির জন্য বিক্রিও করা হয়। ২৫ মে নতুন মালিক নিতে এলে লাল গালিচা বিছিয়ে রাজকীয় আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয় তাকে। সেই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত কোরবানি হয়নি ‘ডোনাল্ড ট্রাম্প’র।
ঈদুল আজহার একদিন আগে বুধবার (২৭ মে) সরকারের হস্তক্ষেপে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।
মন্তব্য করুন