ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি মারা গেছেন। সম্প্রতি তেহরানে তার বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১০ এপ্রিল) ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা গেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন খারাজি। এর আগে, গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানা গেছে।

ড. খারাজি দীর্ঘদিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশকব্যাপী জনসেবামূলক কর্মজীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য ছিলেন।

২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক, যা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন প্রদান করে। বৈদেশিক সম্পর্ক ও কৌশলগত নীতিনির্ধারণে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি সামরিক উত্তেজনার মধ্যেই খারাজির মৃত্যু হলো। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সংঘাতে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি