থার্ড আই ডেস্ক: স্মার্ট ও আধুনিক ডাকসেবা নিশ্চিত করার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ছাড়া সাধারণ ডাকসেবা চালু রাখা হয়েছে। পাশাপাশি আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’।
ডাকসেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।
বর্তমানে ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে কাজ করছে বাংলাদেশ ডাক বিভাগ।
উল্লেখ্য, মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন