থার্ড আই আন্তর্জাতিক ডেস্ক: ৩৬ হাজার ফুট ওপরে উড়ছিল বিমান। গন্তব্য আবুধাবি। হঠাৎ পাইলট দেখতে পান বিমানের এক নম্বর ইঞ্জিনে দ্রুত কমছে তেলের পরিমাণ। একপর্যায়ে তেলের চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলট।

এরপর গন্তব্যে না গিয়ে বিমান ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমানে। ভারতের কোচিন থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর বিপত্তি দেখা দেয়। তখন বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতায় ছিল।

পাইলট ও সহকারী পাইলট লক্ষ্য করেন, এক নম্বর ইঞ্জিনের তেলের মাত্রা দ্রুত কমছে। পরিস্থিতি পর্যালোচনার পর ঝুঁকি এড়াতে ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর বিমানটির গন্তব্য পরিবর্তন করে কোচিনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নিরাপদেই কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ঘটনার সময় বিমানে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।