থার্ড আই ডেস্ক :  ঢাকাসহ সারাদেশে অন্তত দুই দিনব্যাপী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।

অপরদিকে, দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা—বিডব্লিউওটি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিতে পারে ভয়ংকর কালবৈশাখী ঝড়। এ সময় বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে

বুধবার  বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে সংস্থাটি।

বার্তায় বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় গর্জন। ইতোমধ্যেই দেশের অধিকাংশস্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আবারও দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি।