পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার প্লাটো রাজ্যে একটি সিসা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৭ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে প্লাটো রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই বিস্ফোরণ ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে ও আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাশের একটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে জানান, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।
সানি বলেন, আমরা ওই খনিটির কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে বিস্ফোরণ ঘট।
এএফপির দেখা একটি গোপনীয় নিরাপত্তা প্রতিবেদনে খনি শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়া’ উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ার প্লাটো রাজ্যটি একটি ঐতিহাসিক খনি অঞ্চল, এর রাজধানী জোস টিন সিটি নামে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরের খনিগুলোর কার্যক্রম ধীর হয়ে গেছে।
মন্তব্য করুন