অনলাইন ডেস্ক: রাজধানীর পাঁচ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর ফার্মগেট, সায়েন্সল্যাব ও মহাখালী, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার গণমাধ্যমকে জানিয়েছেন, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন শিক্ষার্থীরা । দুপুর ১২টা ১০ মিনিট থেকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা বিক্ষােভ করেন।
এসময় ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদেরকে মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এসময় সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমণ্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর ফার্মগেট মোড়ও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা।
এদিকে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।