জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে। দলটিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ জুলাই আন্দোলনের অর্ধশতাধিক পরিচিত মুখ যোগ দিতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের যোগদানের সম্ভাবনা রয়েছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে আনতে এনসিপি ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ‘আপ বাংলাদেশ’ ও এবি পার্টিসহ একাধিক সংগঠনের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে।
এনসিপির একটি সূত্র জানিয়েছে, ‘আপ বাংলাদেশ’-এর শীর্ষ তিন নেতাসহ একটি অংশের যোগদান প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আলী আহসান জুনায়েদের মধ্যে একাধিক দফায় বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে জুনায়েদ, রাফে সালমান রিফাত, প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ ২৫-৩০ জন যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে।
এছাড়া এবি পার্টির একটি অংশ, ‘নয় দফা’র ঘোষক এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও কয়েকজন রাজনৈতিক ও ছাত্রনেতার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র আরও জানায়, সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে এনসিপি। তবে তার যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
জানা গেছে, সম্ভাব্য যোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রাথমিকভাবে আগামী ১২ এপ্রিল একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে যেতে পারে।
এ বিষয়ে আব্দুল কাদের বলেন, তার যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয়। অন্যদিকে ‘আপ বাংলাদেশ’-এর এক শীর্ষ নেতা জানান, আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, ‘অনেকের সঙ্গেই আলোচনা হচ্ছে। রুমিন ফারহানার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে ‘আপ বাংলাদেশ’-এর একটি অংশের যোগদানের বিষয়ে কথা চলছে।’
মন্তব্য করুন