থার্ড আই নিউজ: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, মাদারীপুর তথা কালকিনি-ডাসারের উন্নয়নে দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ সব ধরণের উন্নয়ন সকলকে সঙ্গে নিয়ে করতে চাই। কেউ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড় এলাকায় একটি অভিজাত রেস্তোরায় ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি রাস্তাঘাট,নদী-খাল দখল, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অসঙ্গতি তুলে ধরে সংবাদ প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের সহায়তা করার আহ্বান জানান।

এছাড়া সাংবাদিকরা সমাজের দর্পন তাই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে সহায়তা করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া, সভাপতি এবিএম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সিকদার আবদুস সালাম, কোষাধ্যক্ষ শামীম আহসান, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন মুন্না, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র সদস্য আবদুল আওয়াল ঠাকুর, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আবু বকর।