রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে হাজারীবাগ থানার হাজার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। ওই শিক্ষার্থী ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া থাকতো বিন্তি।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
হত্যাকারীর নাম জানতে পেরেছেন কি না এমন প্রশ্নের জাবাবে তিনি জানান, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন