অনলাইন ডেস্ক : প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম হাতে নেওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তুলেছিলাম আমরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন।

‘আমরা আনন্দিত যে, তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এক মাসের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ। এতে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, অবশ্য আমরা প্রথমে শরিয়া উইং চালুর দাবি করলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত প্রবাসীদের অনুষ্ঠান থেকে সর্বশেষ দাবি ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালু করার। আশা করি, পরবর্তী ধাপে সে উদ্যোগ নেওয়া হবে। আপাতত শরিয়াহ উইং খোলার ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।

এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম।

তিনি আরও লিখেছেন, আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এমাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।